(রাগ ভাটিয়ারী)
ভজ ভজ হরি, মন দৃঢ় করি,
মুখে বোল তার নাম ৷
ব্রজেন্দ্রনন্দন, গোপীপ্ৰাণধন,
ভুবনমোহন শ্যাম ॥
কখন মরিবে, কেমনে তরিবে,
বিষম শমন ডাকে
যাহার প্রতাপে, ভুবন কাঁপয়ে,
না জানি মর বিপাকে ৷।
কুলধন পাইয়া, উনমত হৈয়া,
আপনাকে জান বড় ৷
শমনের দুতে, ধরি পায়ে হাতে,
বান্ধিয়া করিবে জড়।
কিবা যতি সতী, কিবা নীচ জাতি,
যেই হরি নাহি ভজে ।
ভবে জনমিয়া, ভ্ৰমিয়া ভ্ৰমিয়া,
রৌরব নরকে মজে।
দাস লোচন, ভাবে অনুক্ষণ,
মিছাই জনম গেল ।
হরি না ভজিলু, বিষয়ে মজিলু,
হৃদয়ে রহল শেল ॥
0 comments:
Post a Comment